ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন; তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় সফল চিকিৎসার মাধ্যমে এখন পুরোপুরি সুস্থ আছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করে তিনি এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ক্যানসারটি ধরা পড়ে এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ফলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।
নেতানিয়াহু জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি করা হয়। ওই অস্ত্রোপচারের পর নিয়মিত চেকআপের সময় তার প্রোস্টেটে একটি ছোট টিউমার ধরা পড়ে। পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এটি একটি ক্যানসারযুক্ত টিউমার হলেও তা একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টার-এ তার চিকিৎসা সম্পন্ন হয়। চিকিৎসা সফলভাবে শেষ হওয়ায় টিউমারটি সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে নেতানিয়াহু বলেন, বর্তমানে তিনি “দারুণ” আছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “দেড় বছর আগে আমার বড় হয়ে যাওয়া প্রোস্টেটের সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকে আমি নিয়মিত মেডিকেল চেকআপে ছিলাম।”
তিনি আরও বলেন, “সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও ছোট একটি টিউমার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি ক্যানসারযুক্ত, তবে একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল এবং কোথাও ছড়ায়নি।”
নেতানিয়াহু জানান, তখন চিকিৎসকরা দ্রুত টিউমার অপসারণের পরামর্শ দেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া হয়। পুরো প্রক্রিয়া জটিলতামুক্তভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে, এতদিন বিষয়টি জনসম্মুখে না আনার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে এই তথ্য গোপন রাখা হয়েছিল, যাতে দেশের ভেতরে বা আন্তর্জাতিকভাবে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি না হয়।
তিনি বলেন, তাকে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশে বিলম্ব করতে পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অনিশ্চয়তা না ছড়ায়।
বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলছে এবং তিনি নিজেও চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। তাই এখন বিষয়টি প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রোস্টেট ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার সাফল্যের হার অনেক বেশি থাকে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—নেতানিয়াহুর ঘটনাও তার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক এই ঘোষণার মাধ্যমে তিনি তার শারীরিক সক্ষমতা নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চেয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়