সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
জানাজার জন্য প্রথমে খালেদা জিয়ার কফিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখার চিন্তাভাবনা করা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এখন কফিন রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের একজন জাতীয় নেতাকে সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের ব্যবস্থা রাখা হচ্ছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিদের বাইরে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়