মধ্যরাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন লাগায় ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। তারও আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়