ইরানের রাজধানী তেহরান–এর কাছাকাছি এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান প্রদেশ ও মাজান্দারান প্রদেশ–এর সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।
এতে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।