বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘ইতিবাচক দিকে’ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের চলমান কূটনৈতিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিচ্ছে।
রণধীর জয়সওয়াল জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেছেন। অন্যদিকে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেছেন। এসব উচ্চপর্যায়ের সফরকে তিনি দুই দেশের সম্পর্কের বর্তমান ইতিবাচক গতিপথের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক জ্বালানি সংকটের মধ্যেও ভারত বাংলাদেশকে অতিরিক্ত জ্বালানি সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বাড়তি জ্বালানি চাহিদা পূরণে নয়াদিল্লি সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যকে বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়