ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় ২৪টি বাংলোবাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। একইসঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বর্তমানে যেসব উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বাসভবনে রয়েছেন, তাঁদের দ্রুত বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিছু বাসভবন ইতোমধ্যে খালি হয়েছে, বাকিগুলো শিগগিরই খালি হবে। সংস্কার শেষে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সেখানে উঠতে পারবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬-২৭ জন পূর্ণমন্ত্রী এবং ৯-১০ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন।
নির্বাচন কমিশন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে। বিএনপি ও তাদের মিত্ররা ২১২ আসনে জয় পেয়ে সরকার গঠন করছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলে বসছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়