নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। “উনারা যেভাবে চান, সেভাবেই হবে,” বলেন তিনি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসভবন প্রসঙ্গে আদিলুর রহমান জানান, রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় মোট ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের কাজ চলছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই এসব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করে ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করা হয়েছে।
দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে টিআইবির কাছেই জানতে হবে। জনগণের আলোচনা ও টিআইবির প্রতিবেদনের মধ্যে মিল রয়েছে বলে তিনি মনে করেন না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গণপূর্ত খাতে বিভিন্ন স্থানে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে আদিলুর রহমান খান বলেন, কিছু কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। সেগুলো দ্রুত শেষ করা হবে বলে আশা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়