জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থী নেতাকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৩ মে) উপাচার্য ড. রইস উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এ ঘটনার পর জকসুর নেতারা অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম দেন।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে স্থায়ী শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উপাচার্য বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী জানিয়েছেন, তাকে এখনো আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের বিষয়ে কিছু জানানো হয়নি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়