রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য এই জনপদ। বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে রোববার (৩ মে) দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বেলা ১১টার দিকে পৌরসভা এলাকা থেকে ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।
এর ফলে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ তুলে স্লোগান দেন। তাদের দাবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ব্যক্তিগত স্বার্থে ‘পকেট কমিটি’ অনুমোদন দিয়েছেন এবং যোগ্য নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী—কমিটিতে অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভিন্ন মামলার আসামিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন রাজপথে সক্রিয় ত্যাগী কর্মীদের বাদ দেওয়া হয়েছে।
সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা জোরদারে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কমিটি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হলেও দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়