
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হামলাকারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ছিলেন সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার হোসেন। তবে আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবল নিহত হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।