দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন অনুমোদিত উপজেলাগুলো হলো— বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।
নিকার সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবাকে আরও কার্যকর ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও দ্রুত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়