আফ্রিকার দেশ Democratic Republic of the Congo–এর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে আবারও প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা Africa Centres for Disease Control and Prevention জানিয়েছে, এ পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্বর্ণখনি সমৃদ্ধ মোংওয়ালু ও রুয়াম্পারা শহরে সংক্রমণের বিস্তার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঙ্গো, Uganda, South Sudan এবং আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
আফ্রিকা সিডিসি আরও জানিয়েছে, বর্তমানে ভাইরাসটির ধরন বা স্ট্রেইন শনাক্তে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়াতেও কয়েকজন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে কঙ্গোতে। বিশেষজ্ঞদের ধারণা, বাদুড় থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়িয়েছে। দেশটির ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ইবোলা ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণ, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া এবং গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।