চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে এক মা ও তার ২২ মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি স্বামী ও সন্তানসহ চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ও শিশুকন্যাকে নিয়ে স্কুটারে করে ভাটিয়ারী গলফ ক্লাবে ঘুরতে গিয়েছিলেন তারা। ফেরার পথে বিএমএ গেট এলাকায় চলন্ত স্কুটি থেকে হঠাৎ সড়কে পড়ে যায় শিশুটি।
মেয়েকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে স্কুটি থেকে লাফ দেন মা। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারিন আক্তার নিহত হন। পরে গুরুতর আহত শিশুকন্যাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নারী কর্মকর্তা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়