1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর আশা পাকিস্তানের হাইকমিশনারের

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, আগামী জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করছে।

সাংস্কৃতিক বিনিময়ের প্রসঙ্গ টেনে ইমরান হায়দার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে।

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া প্রতিস্থাপন চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সুযোগ দিতে পাকিস্তান প্রস্তুত বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও মিথস্ক্রিয়াকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ বৃদ্ধি এবং সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদকালে দুই দেশই বিনিয়োগ ও যৌথ উদ্যোগভিত্তিক ব্যবসার নতুন পথ অনুসন্ধান করবে।

এ সময় সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!