মূল সংস্কার কার্যক্রম তুলে ধরে একটি বই প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) বইটি প্রকাশের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের সময় সরকার গভীর অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক সংকটের উত্তরাধিকার পায়।
বইটিতে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর ১৮ মাসে অন্তর্বর্তী সরকার প্রায় ১৩০টি আইন প্রণয়ন ও সংশোধন করেছে এবং ৬০০টির বেশি নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে, যার প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। অর্থনীতি, বৈদেশিক সম্পর্ক, ব্যাংকিং, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ ও গণমাধ্যম খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এতে আরও বলা হয়, দুর্নীতিবিরোধী পদক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সংলাপের মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে, যা সাংবিধানিক সংস্কারের ভিত্তি হিসেবে গণভোটের অপেক্ষায় রয়েছে।
বইটিতে উল্লেখ করা হয়, সংস্কার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, তবে বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসন থেকে সরে এসে গণতান্ত্রিক ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়