ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামে একটি দেশি সংস্থাকে ১০ হাজারের বেশি নির্বাচনি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দৈনিক প্রথম আলোতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’ ও ‘এক ব্যক্তি নির্ভর’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সৈয়দ হুমায়ুন কবীর নামের একজনই সংস্থাটির সব কার্যক্রম পরিচালনা করেন এবং তাঁর বাসার একটি কক্ষই কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ নিয়ে আলোচনার মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ইসি আপাতত ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রেখেছে।
তিনি বলেন, সংস্থাটির সক্ষমতা যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়