বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সাতজন সংসদ সদস্য পদপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া গাজীপুর–১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষ থেকে আবেদন আসার পর ভোটের দিন পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে ইসি।
জামায়াতের অন্য ছয় প্রার্থী হলেন—
নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
মুজিবুর রহমান
এটিএম আজহারুল ইসলাম
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ
রফিকুল ইসলাম খান
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ফরোয়ার্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে সাতজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই এতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়।
অন্যদিকে, বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার আলাদা চিঠি দেওয়া হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন মঙ্গলবার বলেন, সংসদ সদস্য পদপ্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়