1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

প্রচারণার প্রথম দিনে আচরণবিধি মানছে রাজনৈতিক দলগুলো: ইসি

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই ভোটের মাঠে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন পর্যন্ত আচরণবিধি মেনে শালীনভাবে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন,
“আলহামদুলিল্লাহ, প্রচারণায় সব রাজনৈতিক দলের মধ্যে ভালো সংস্কৃতি ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করছি। কেউ কারো বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে না, কোনো ধরনের ঝামেলাও হচ্ছে না। এটা দলগত সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। টুকটাক কিছু ঘটনা ঘটতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না। আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পারবো।”

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে ইসি জানিয়েছে, আইন ও বিধি অনুযায়ী প্রচারণা অব্যাহত থাকলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থী আইন ও আচরণবিধি মেনে চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।

এদিকে ইসি কর্মকর্তারা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত আচরণবিধি প্রতিপালন ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে ৬৭টি নির্বাচনী এলাকায় মোট ৪ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া ৭৭টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ৫৯টি মামলা করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি ৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৭৩টি প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পোস্টার অপসারণে ১২৫টি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৯০টি ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি নোট উপস্থাপনের জন্য ৭৫টি, সামারি ট্রায়ালে জরিমানা ৪টি এবং বিবিধ ৪৭৯টি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রথম দিনের প্রচারণায় আচরণবিধি প্রতিপালনের সার্বিক অবস্থা সম্পর্কে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘন ও অভিযোগ নিষ্পত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ইসি আশা প্রকাশ করেছে, এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!