ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। নতুন সরকার গঠনের এ ঘটনাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, প্রায় দুই দশক পর বিএনপি নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে এবং দক্ষিণ এশিয়ার দেশটিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে।
বিবিসি ‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’ শিরোনামে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের ১৮ মাস দায়িত্ব পালনের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলো।
যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ান জানায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের মাধ্যমে তারেক রহমান ও তার দলের সদস্যরা সংসদে শপথ গ্রহণ করেছেন।
কাতারভিত্তিক আল জাজিরা জানায়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের কয়েকদিনের মধ্যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের সংসদের স্পিকারসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তারেক রহমান দক্ষিণ এশিয়ার দেশটির ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ৪৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী টোবগে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, ভারতের সংসদের স্পিকার ওম বিড়লা এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু লিখেছে, গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে বড় জয় পাওয়ার কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়