রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার সংকটাপন্ন অবস্থায় আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় এ দোয়া প্রার্থনার কথা জানানো হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। তিনি প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত রোববার (২৩ নভেম্বর) রাতে তাকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গত শুক্রবার রাতের দিকে জানান, সেদিন মেডিকেল বোর্ড বৈঠকে বসে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেছে। তিনি বলেন, চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত সেই অনুসারে নেওয়া হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়