আগামীকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনেই তিনি একটানা সাতটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন।
তিনি জানান, নির্বাচনী প্রচারণার সূচনা করতে তারেক রহমান বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
সিলেটের সমাবেশ শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়ায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন।
ড. মাহাদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবদ্য ভূমিকা রেখেছেন। সেই ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটি সফরে পর্যায়ক্রমে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে সঙ্গে রাখবেন।
তিনি আরও জানান, সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ কয়েকজন ত্যাগী তরুণ নেতা। পরবর্তী সফরগুলোতেও এ ধরনের নেতাদের সম্পৃক্ত করা হবে।
নির্বাচনী প্রচারণা শুরুর অংশ হিসেবে বুধবার রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী থিম সং-এর উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ কমিটির সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে ড. মাহাদী আমিন বলেন, বিএনপি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশে বিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থানের মনোভাব বজায় রেখে নির্বাচন আচরণবিধি মেনে চলবে, যাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে এবং গণতন্ত্রের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
তিনি জানান, সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যানের পরবর্তী নির্বাচনী সফর হবে চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়