ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজকে পৃথক করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫ চূড়ান্ত করতে কিছু সময় লাগবে। তবে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সক্রিয় আছে। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বর শুরু হবে।
ইউজিসির প্রণীত অধ্যাদেশের খসড়াটি ২৪ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশ করা হয় এবং সর্বসাধারণের কাছ থেকে পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়ে। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অনলাইন ও সরাসরি পাওয়া সব মতামত গুরুত্বসহকারে পর্যালোচনা করে খসড়ার পুনর্মূল্যায়ন ও সংশোধন কাজ চলছে। প্রক্রিয়া পূর্ণাঙ্গ সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়