1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

অর্থনীতি স্থিতিশীল রাখতে আগামী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ: সালেহউদ্দিন আহমেদ

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদেরকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল করার চেষ্টা করেছে এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে সামনের চ্যালেঞ্জ আরও বড়।” তিনি জানান, এ সময় যেসব সংস্কার করা হয়েছে, তা যথেষ্ট না হলেও আগামী সরকারের জন্য সহায়ক হবে। এসব চ্যালেঞ্জ আরও কৌশলীভাবে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে যাবে।

ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের সময়ে ব্যাংক কর্মকর্তাদের পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “রাজনৈতিক সরকারের সময়ে চাপ আসবে। সরাসরি ‘না’ বলা যাবে না। বরং আলোচনার মাধ্যমে অর্থনৈতিক নীতি, ব্যাংকিং আইন ও অডিটের নীতিমালা বোঝাতে হবে।”

ঋণ বিতরণের ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ভূমিকা রাখে। বড় অঙ্কের ঋণে ঝুঁকিও বেশি।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। অতীতে ঋণ দিতে গিয়ে ব্যাংককে ক্ষতির মুখে পড়তে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন ঋণ বিতরণে যে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তা বজায় থাকবে। তবে একই সঙ্গে সাহসের সঙ্গে ঋণ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সোনালী ব্যাংক চলতি বছর ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে গভর্নর বলেন, “আগামী বছর থেকে ব্যাংকটি পুরোপুরি লাভজনক হবে।”

তিনি আরও বলেন, ক্রেডিট কার্ড এখন একটি বড় খাত। নতুন পণ্য চালু করতে হবে এবং ক্রেডিট কার্ড গ্রাহক সংখ্যা ৫ থেকে ১০ লাখে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহক সংখ্যা প্রায় ৭ হাজার।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!