আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) এমআরডিআই ও ডিকাব আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনীতে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত সব নির্বাচনেই সহিংসতা ছিল, তবে এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদী। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
১৯৯১ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় ভোট পড়েছিল ৫৫ শতাংশ। তার বিশ্বাস, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের হার তা ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিজিটাল স্পেসে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তার ওপর জোর দেন তিনি।







