আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন।
বিদেশের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ২ জন ব্যালট গ্রহণ করেছেন, ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ব্যালট ডাক বিভাগে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়