উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ কমিশন গঠন সম্পর্কিত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাঁচ সদস্য বিশিষ্ট এই পুলিশ কমিশনের প্রধান থাকবেন একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক। সদস্য হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট পদে বা গ্রেড ওয়ান-এর সমমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড ওয়ান-এর সমমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা রাখেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই কমিশনের লক্ষ্য হচ্ছে পুলিশকে জনবান্ধব ও প্রভাবমুক্ত করা। কমিশন সরকারকে পুলিশ আধুনিকায়ন, প্রশিক্ষণ, মানবাধিকার সংবেদনশীলতা, কার্যক্রম দক্ষতা, শৃঙ্খলা ও স্বচ্ছতা বিষয়ে সুপারিশ দেবে।”
তিনি আরও জানান, কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে নাগরিক অভিযোগ ও পেশাগত অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি করা। এছাড়া পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থা এবং সংক্রান্ত আইন গবেষণার মাধ্যমে সরকারের কাছে সুপারিশ প্রদান করাও এই কমিশনের কাজের অন্তর্ভুক্ত।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়