আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র্যাবের আভিযানিক কার্যক্রম আরও গতিশীল করতে ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, র্যাবের জন্য তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। তবে এসব গাড়ির দাম এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “এ মুহূর্তে শুধু ক্রয় পদ্ধতি নিয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দাম কত হবে, তা ক্রয় কমিটির চূড়ান্ত অনুমোদনের সময় জানা যাবে।”
দরপত্র ছাড়াই কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “আমরা সরকারের টাকা সরকারের মধ্যেই রাখতে চাই। প্রগতি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এটি সরকারি মালিকানাধীন। সে কারণেই এখান থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বৈঠকের প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ‘র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যানবাহনের সংকট দূর করে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতেই এ প্রকল্প নেওয়া হয়।
প্রস্তাবনায় আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে জরুরি ভিত্তিতে তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস কেনা প্রয়োজন। তবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং র্যাবের আভিযানিক সক্ষমতা বাড়াতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে এসব গাড়ি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।
এদিকে একই দিনে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চলতি অর্থবছরের জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘আরামকো ট্রেডিং (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে স্বল্প মেয়াদে পাঁচটি এলএনজি কার্গো আমদানিসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়